রবিবার, ২১ Jun ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
অনলাইন ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘পরিবর্তন এবং সংস্কারের সাথে একমত হলেও, জনগণের নির্বাচিত পার্লামেন্ট ছাড়া সংবিধানের কোনো কিছু পরিবর্তন করা যায় না। দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।’
শুক্রবার খুলনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মহানগর বিএনপি আয়োজিত শিববাড়ি মোড়ে র্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘নির্বাচনের মাধ্যমে আমরা অন্তর্বর্তী সরকারকে শান্তিপূর্ণভাবে বিদায় দিতে চাই।’ দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ৫ আগস্টের স্বৈরাচারমুক্ত বাংলাদেশের অর্জনের কথা স্মরণ করিয়ে দেন।
গয়েশ্বর চন্দ্র রায় ঐতিহাসিক ৭ নভেম্বরের গুরুত্ব উল্লেখ করে বলেন, ‘শেখ মুজিবুর রহমান একদলীয় বাকশাল প্রতিষ্ঠা করেছিলেন। তার মৃত্যুর পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে ৭ নভেম্বরের বিপ্লবের মাধ্যমে দেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়।’
সমাবেশে সভাপতিত্ব করেন খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা এবং বক্তব্য দেন বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, গবেষণা সম্পাদক শামীমুর রহমান শামীম, শেখ মুজিবুর রহমান প্রমুখ। পরে বর্ণাঢ্য র্যালি শিববাড়ী মোড় থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। র্যালিতে বিএনপি ও সহযোগী সংগঠনের হাজারো নেতা-কর্মী উপস্থিত ছিলেন।