রবিবার, ২১ Jun ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো উচিত হয়নি। মঙ্গলবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। রিজভী বলেন, “খন্দকার মোশতাকও তার ছবি নামিয়েছিলেন আর জিয়াউর রহমান আবার সেই ছবি টাঙিয়েছিলেন।”
গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকার। এরপর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে। তবে তিন মাস পার হলেও বঙ্গভবন থেকে সরানো হয়নি শেখ মুজিবুর রহমানের ছবি, যা নিয়ে সমালোচনা চলছে।
সাম্প্রতিক সময়ে বঙ্গভবনের সেই ছবি সরিয়ে ফেলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সদ্য নিয়োগ পাওয়া উপদেষ্টা মাহফুজ আলম। সম্প্রতি উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণের পরপরই তিনি শেখ মুজিবের ছবি সরিয়ে ফেলেন। মাহফুজ এর আগে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
মাহফুজ আলম সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ছবি সরানোর কারণ ব্যাখ্যা করেছেন। তিনি লিখেছেন, “দরবার হল থেকে শেখ মুজিবুর রহমান-পোস্ট ‘৭১’-এর ফ্যাসিস্ট ছবি সরানো হয়েছে। আমাদের জন্য লজ্জার যে, ৫ আগস্টের পরও আমরা এটি সরাতে পারিনি। যার জন্য আমরা ক্ষমাপ্রার্থী। তবে, মানুষের মধ্যে জুলাইয়ের চেতনা বেঁচে থাকা পর্যন্ত তাকে কোথাও দেখা যাবে না।”
তিনি আরও জানান, আওয়ামী লীগের সঙ্গে সংলাপের পূর্বশর্ত হিসেবে ক্ষমা এবং ফ্যাসিস্টদের বিচার জরুরি। তিনি বলেন, “শেখ মুজিব এবং তার কন্যা বাংলাদেশের জনগণের সাথে যা করেছেন তা আওয়ামী লীগকে অবশ্যই স্বীকার করতে হবে এবং ক্ষমা চাইতে হবে। অগণতান্ত্রিক ‘৭২’-এর সংবিধান থেকে শুরু করে দুর্ভিক্ষ, অর্থ পাচার এবং বিরোধীদের বিচারবহির্ভূত হত্যার মতো অপরাধের দায়ে তাদের ক্ষমা চাইতে হবে। এরপরেই আমরা ‘৭১-এর আগের শেখ মুজিবের কথা বলতে পারব।”