শুক্রবার, ২৬ Jun ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:
আজারবাইজানের রাজধানী বাকুতে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-২৯ এ বুধবার ড. মুহাম্মদ ইউনূস জোর দিয়ে বলেন, “আমরা মানব জাতি এই গ্রহের ধ্বংসের কারণ। আমাদের জীবনযাত্রা ও অর্থনৈতিক কাঠামো প্রকৃতির বিরুদ্ধে কাজ করছে, যা আমাদেরকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে।”
সম্মেলনে দুপুর ১টার দিকে বক্তব্য রাখতে গিয়ে ড. ইউনূস বলেন, “জলবায়ু সংকট তীব্রতর হচ্ছে। আমরা আত্ম-ধ্বংসের পথে এগিয়ে চলেছি এবং এজন্য আমাদের একটি নতুন জীবনধারা গড়ে তোলার প্রয়োজন। জিরো ওয়েস্ট ও শূন্য কার্বন নির্ভর সংস্কৃতি তৈরি করতে হবে, যা জীবাশ্ম জ্বালানি মুক্ত ও সম্পূর্ণ নবায়নযোগ্য শক্তির ওপর নির্ভরশীল হবে।”
তিনি আরও উল্লেখ করেন, নতুন এই অর্থনীতি হবে “শূন্য লাভের ভিত্তিতে সামাজিক ব্যবসা।” এর মাধ্যমে পরিবেশ ও মানবজাতির সুরক্ষা নিশ্চিত হবে। তরুণদের জন্য উদ্যোক্তা তৈরির শিক্ষা ব্যবস্থা প্রয়োজন, যা তাদের কর্মসংস্থান সৃষ্টিতে উদ্বুদ্ধ করবে।
থ্রি জিরো তত্ত্ব – তরুণ প্রজন্মকে উদ্দেশ্য করে ড. ইউনূস জানান, তাদের ‘থ্রি জিরো’ তত্ত্ব অনুসরণ করতে হবে। এর মূলনীতি হলো: শূন্য নেট কার্বন নিঃসরণ, শূন্য সম্পদ কেন্দ্রীকরণ,শূন্য বেকারত্ব।
ড. ইউনূস বলেন, “আমাদের বর্তমানের তরুণ প্রজন্মেরই এই নতুন সভ্যতা গড়ে তুলতে হবে, যেখানে তারা তাদের গ্রহকে রক্ষা করবে ও নতুন জীবনধারা অনুসরণ করবে।”