শুক্রবার, ২৬ Jun ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
আজারবাইজানের রাজধানী বাকুতে কপ-২৯ জলবায়ু সম্মেলনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে অধ্যাপক ইউনূস দেশের উৎপাদন খাতে বিদেশি বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বপূর্ণ শ্রম সংস্কার কার্যক্রম চালু করার প্রতিশ্রুতি দেন। তিনি জানান, ‘শ্রম ইস্যুটি আমাদের অন্যতম শীর্ষ অগ্রাধিকার,’ এবং সকল শ্রম সমস্যা সমাধানে তাঁর সরকার বদ্ধপরিকর।
থেরেসা মেও এই উদ্যোগে সমর্থন জানান এবং শ্রম সংস্কারে বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। এছাড়াও বৈঠকে মানব পাচার ও অভিবাসন ইস্যুতেও আলোচনা হয়। অধ্যাপক ইউনূস অবৈধ ও ঝুঁকিপূর্ণ অভিবাসন রোধে বৈধ পথে ইউরোপে বাংলাদেশি অভিবাসনকে উৎসাহিত করার আহ্বান জানান।
বৈঠকের সময় অধ্যাপক ইউনূস সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রীকে একটি অ্যালবাম উপহার দেন, যার নাম ‘আর্ট অব ট্রায়াম্ফ’। অ্যালবামটিতে বাংলাদেশের তরুণদের আঁকা গ্রাফিতি ও ম্যুরালের ছবি রয়েছে, যা জুলাই-আগস্টের বিপ্লবের সময় আঁকা হয়েছিল।