রবিবার, ২১ Jun ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আওয়ামী লীগকে “আফ্রিকান মাগুর মাছ” বলে অভিহিত করেছেন। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ যা পেয়েছে, সবই গ্রাস করেছে এবং বিদেশ থেকে ফেরত আনা অর্থের বেশিরভাগই পাচার করেছে।
আজ শনিবার বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুধল ইউনিয়নের জাহাঙ্গীর হোসেন মোল্লা ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত একটি সভায় প্রধান অতিথি হিসেবে রিজভী এসব মন্তব্য করেন। এ সভার আয়োজন করা হয় বরিশাল বিভাগের ৩১ শহীদ পরিবারের প্রতি শ্রদ্ধা ও সহমর্মিতা জানাতে।
রিজভী বলেন, “শেখ হাসিনা রক্তপিপাসু। ক্ষমতায় টিকে থাকার জন্য হাজারো নিরীহ মানুষকে খুন করেছেন। তিনি দেশকে নিজের বাবার জমিদারি ভেবে বিরোধীদের উপর দমন-পীড়ন চালিয়েছেন। এমনকি ক্ষমতা হারানোর পরেও আওয়ামী লীগের নির্দেশে বিএনপির দুই নেতাকে হত্যা করা হয়েছে।”
তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দ্রুত অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের দাবি জানান। রিজভী বলেন, “মানুষ ১৭ বছর পর ভোটকেন্দ্রে যাওয়ার মতো পরিবেশ চায়। সংস্কার করতে হলে দ্রুত করতে হবে, যাতে কালক্ষেপণ না হয় এবং জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি না হয়।”
বাজার পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে রিজভী ড. ইউনূসের বিচক্ষণতার প্রতি আহ্বান জানান। তিনি সরকারের সিন্ডিকেট ভেঙে চাল, ডাল, তেল, ও চিনি—এসব পণ্যের দাম কমানোর দাবি করেন।
সভার শুরুতে বরিশাল বিভাগের শহীদ পরিবারের প্রতি সম্মান জানানো হয় এবং তাদের উপহার তুলে দেওয়া হয়।
এই সভায় বরিশাল বিএনপির নেতৃবৃন্দসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।