সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

নেত্রকোণায় খাদ্যবান্ধব কর্মসূচির ২৯ বস্তা চাল জব্দ, একজন আটক

নেত্রকোণায় খাদ্যবান্ধব কর্মসূচির ২৯ বস্তা চাল জব্দ, একজন আটক

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
নেত্রকোণার কলমাকান্দায় সেনা-পুলিশ ও খাদ্যবিভাগের কর্মকর্তারা যৌথ অভিযান চালিয়ে কালোবাজারীর মাধ্যমে পাচারকালে খাদ্যবান্ধব কর্মসূচির ২৯ বস্তা চাল জব্দ করেছে। এসময় একজনকে আটক করা হয়; যাকে তারা পাচারকারী বলে দাবি করেছেন। এ নিয়ে থানায় মামলা দায়ের হওয়ার কথা জানিয়েছে পুলিশ।
আটক ব্যক্তি হচ্ছেন, উপজেলার সন্ধ্যাহলা গ্রামের মো: আব্দুল মোতালিবের ছেলে মো: আমিরুল ইসলাম (৩৫)।
মঙ্গলবার রাতে কলমাকান্দা ইউনিয়নের চান্দুয়াইল এলাকায় পাকা রাস্তার পাশ থেকে এই চাল জব্দ ও একজনকে আটক করা হয়।
চাল জব্দ ও এক ব্যক্তি আটকের বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো: শহীদুল্লাহ বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা করেছেন।
কলমাকান্দা থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন জানান, সরকারের ১৫ টাকা কেজি দরে কার্ডধারীদের মাঝে খাদ্যবান্ধব কর্মসূচির বিতরণ করা চাল নিজে লাভবান হতে কালোবাজারীর মাধ্যমে ক্রয় করে মজুদ করেন আমিরুল ইসলাম। ওই চাল পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত সাড়ে ৮টার দিকে উপজেলা অস্থায়ী সেনা ক্যাম্পের সদস্য,পুলিশ ও উপজেলা খাদ্য বিভাগের কর্মকর্তারা চান্দুয়াইল এলাকায় অভিযান চালান। তখন সেখানে রাস্তার পাশে ৫০ কেজি ওজনের ২৯ বস্তায় এক হাজার ৪৫০ কেজি চাল পাওয়া যায়। জব্দ চালের মূল্য ২১ হাজার ৭৫০ টাকা। ওই চাল জব্দের পাশাপাশি পাচারকারি আমিরুল ইসলামকে আটক করা হয়।
ওসি নেত্রকোণার আলোকে আরো জানান, এ ঘটনায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বাদি হয়ে থানায় মামলা করার পর ওই মামলায় আমিরুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়। আজ দুপুরে তাকে নেত্রকোণা বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।

 

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com