শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশকে নিয়ে ডোনাল্ড ট্রাম্পের সমালোচনার পেছনে ভারতীয় অপপ্রচারের প্রভাব রয়েছে। তবে তিনি মনে করেন, ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে বাংলাদেশ বিষয়ে বড় কোনো পরিবর্তন আসবে না।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে মুহাম্মদ ইউনূস এসব কথা বলেন। সাক্ষাৎকারটি রবিবার (১৭ নভেম্বর) আল-জাজিরার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়। তিনি আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন (কপ২৯)-এর ফাঁকে সাক্ষাৎকারটি দেন।
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্প এক সোশ্যাল মিডিয়া পোস্টে বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়নের অভিযোগ তুলে সমালোচনা করেন।
“আমি বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর বর্বরোচিত সহিংসতার তীব্র নিন্দা জানাচ্ছি। দেশটিতে দলবদ্ধভাবে তাদের ওপর হামলা ও লুটপাট চালানো হচ্ছে। বাংলাদেশ এখন পুরোপুরিভাবে একটি বিশৃঙ্খল অবস্থার মধ্যে রয়েছে।”
এ প্রসঙ্গে মুহাম্মদ ইউনূস বলেন, “এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন অপপ্রচার। এটা দুঃখজনক যে, বেশিরভাগ অপপ্রচার ভারতীয় দিক থেকে আসছে। সম্ভবত উত্তেজনা জিইয়ে রাখার জন্য এসব করা হচ্ছে। তবে বাস্তবে এর কোনো ভিত্তি নেই।”
ট্রাম্প ও তার প্রশাসনকে কূটনৈতিকভাবে কীভাবে সামলানো হবে, সে বিষয়ে জানতে চাইলে ইউনূস বলেন:
“ট্রাম্পের সঙ্গে আমার ব্যক্তিগত কোনো যোগাযোগ নেই। তবে রিপাবলিকান ও ডেমোক্রেটিক উভয় পার্টিতেই আমার বন্ধু রয়েছে। আমাকে কংগ্রেসনাল স্বর্ণপদক দেওয়ার ব্যাপারে মার্কিন প্রতিনিধি পরিষদ সর্বসম্মতভাবে ভোট দিয়েছিল, যেখানে উভয় দলের সমর্থন ছিল। তাই ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার ফলে নতুন কোনো সমস্যার সৃষ্টি হবে, আমি তা মনে করি না।”
মুহাম্মদ ইউনূস তার সাক্ষাৎকারে বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি, সরকারের সংস্কার কার্যক্রম, আসন্ন নির্বাচন এবং আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্ক নিয়েও বিস্তারিত কথা বলেন। তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশে উন্নয়ন ও স্থিতিশীলতা বজায় রাখতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।
ডা. মুহাম্মাদ ইউনূসের এই বক্তব্য আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি এবং ট্রাম্প প্রশাসনের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।