রবিবার, ২১ Jun ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, দেশের কোনো ব্যাংক বন্ধ হবে না। কিছু ব্যাংক দুর্বল অবস্থায় রয়েছে, তবে সেগুলো ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
সংবাদ সম্মেলনে অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান উপস্থিত ছিলেন।
অর্থ উপদেষ্টা বলেন, “ইসলামী ব্যাংকসহ বেশ কিছু ব্যাংক দুর্বলতা কাটিয়ে উঠছে। কিছু ব্যাংক এখনও খুঁড়িয়ে খুঁড়িয়ে চললেও সরকার কোনো ব্যাংক বন্ধ করার পরিকল্পনা করছে না। আমানতকারীদের সুরক্ষা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”
সরকারি ব্যয় সাশ্রয়ে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) থাকা অপ্রয়োজনীয় ও রাজনৈতিক বিবেচনায় দেওয়া প্রকল্পগুলো খতিয়ে দেখা হচ্ছে। তবে সরকারি কর্মচারীদের বেতন–ভাতা বন্ধ হবে না।”
তিনি আরও বলেন, “আমাদের সাফল্যের সূর্য ইতিমধ্যেই উদিত হয়েছে। আমরা কিছু সংস্কার করে যাচ্ছি, যা ভবিষ্যতের জন্য পথ দেখাবে। একটি কল্যাণমুখী রাষ্ট্র গড়ার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।”
মূল্যস্ফীতি সম্পর্কে অর্থ উপদেষ্টা বলেন, “এটা এক দিনে হয়নি। সরবরাহব্যবস্থা ঠিক রাখতে আমরা পেঁয়াজ, চাল, সয়াবিন তেল ইত্যাদিতে শুল্কহার কমিয়েছি। তবে আলু ও পেঁয়াজের মতো পণ্যের মূল্যবৃদ্ধির পেছনে অনেক কারণ আছে। আমরা মানুষের ধৈর্যের প্রশংসা করি। আমিও বাজারে গিয়ে মানুষদের কষ্ট বুঝতে পারি।”
তিনি বলেন, “মানুষের জন্য বাজারে যাওয়া এখন চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। ১ হাজার টাকা নিয়ে বাজারে গেলে সামান্য কিছু কেনাকাটা করা যায়। এটা আমিও টের পাই।”
বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহযোগিতা পাওয়ার আশ্বাসকে বড় সাফল্য হিসেবে উল্লেখ করে অর্থ উপদেষ্টা বলেন, “আগে এ ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি বাংলাদেশ পায়নি। আমরা আশা করি, চলতি অর্থবছরে বৈদেশিক সাহায্যের পরিমাণ আরও বাড়বে।”
সরকারের কার্যক্রম নিয়ে তিনি বলেন, “আমরা ভুল করতে পারি, কিন্তু আন্তরিকতার অভাব নেই। আমরা মানুষের জন্য কাজ করে যাচ্ছি।”