শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:
সার্চ কমিটির প্রস্তাবিত তালিকা থেকে অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীনকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) করে নির্বাচন কমিশন (ইসি) গঠন করা হয়েছে। তার সঙ্গে আরও চারজন নির্বাচন কমিশনার নিয়োগ পেয়েছেন।
আগামী রোববার (২৪ নভেম্বর) দুপুর দেড়টায় নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার ও চার নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন। শপথ পাঠ করাবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
নতুন নির্বাচন কমিশনারদের নাম:এ এম এম নাসির উদ্দীন – প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। মো. আনোয়ারুল ইসলাম সরকার – অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব। আবদুর রহমানেল মাসুদ – অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ। বেগম তহমিদা আহ্মদ – অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব।
আবুল ফজল মো. সানাউল্লাহ – অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল।
গত ২৯ অক্টোবর, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করে অন্তর্বর্তীকালীন সরকার। এই কমিটি রাষ্ট্রপতির কাছে ১০ জনের একটি প্রস্তাবিত তালিকা জমা দেয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন: বিচারপতি এ কে এম আসাদুজ্জামান। মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মো. নূরুল ইসলাম। সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান মোবাশ্বের মোনেম। ড. চৌধুরী রফিকুল আবরার (ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক)।
অধ্যাপক জিন্নাতুন নেছা তাহমিদা বেগম।
বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রপতির কাছে সার্চ কমিটির প্রস্তাবিত তালিকা উপস্থাপন করা হয়। পরের দিন, বৃহস্পতিবার (২১ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দুইটি প্রজ্ঞাপন জারি করে প্রধান নির্বাচন কমিশনার ও চার কমিশনারের নাম ঘোষণা করা হয়।
নতুন কমিশন গঠন নিয়ে সংশ্লিষ্ট মহলে ব্যাপক আলোচনা চলছে। এটি দেশের নির্বাচন ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনতে কতটা সফল হবে, তা নিয়ে নজর থাকবে।