শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর আওয়ামী লীগের দীর্ঘ সাড়ে ১৫ বছরের শাসনের অবসান ঘটেছে। এর প্রেক্ষাপটে বিভিন্ন রাষ্ট্রীয় ক্ষেত্রে পরিবর্তনের ধারাবাহিকতায়, ২০২৫ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকে ব্যাপক সংশোধন আনা হয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ইতিমধ্যে এসব পরিবর্তনের কাজ সম্পন্ন করেছে।
আগামী শিক্ষাবর্ষে নতুন পাঠ্যবইয়ে জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। বইয়ে উল্লেখ করা হয়েছে, ২৬ মার্চ ১৯৭১ সালে মেজর জিয়াউর রহমান প্রথমবার কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন। পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে ২৭ মার্চ পুনরায় ঘোষণা দেওয়ার বিষয়টিও রয়েছে।
বর্তমান বইয়ে শেখ মুজিবুর রহমানকে ‘জাতির পিতা’ এবং ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি’ হিসেবে উল্লেখ করা হলেও নতুন বইয়ে এসব উপাধি বাদ দেওয়া হয়েছে। তবে তার বঙ্গবন্ধু উপাধি ইতিহাস পাঠ্যবইয়ে রাখা হয়েছে। মওলানা আবদুল হামিদ খান ভাসানী ও জাতীয় চার নেতার অবদান নতুনভাবে সংযোজন করা হয়েছে।
চতুর্থ শ্রেণির বাংলা বই থেকে শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা ‘খোকাবাবু’ কবিতাটি বাদ দেওয়া হয়েছে। শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যদের সম্পর্কে অতিরঞ্জিত তথ্যও নতুন বইয়ে আর থাকছে না।
পঞ্চম থেকে দশম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের নতুন অধ্যায়। এই অধ্যায়ে শহীদ আবু সাঈদ ও মীর মাহফুজুর রহমান মুগ্ধসহ আন্দোলনের বিভিন্ন ঘটনা তুলে ধরা হয়েছে।
পাঠ্যবইয়ের পেছনের প্রচ্ছদে শেখ হাসিনার ছবি ও উদ্ধৃতি বাদ দিয়ে শিক্ষার্থীদের আঁকা গণ-অভ্যুত্থানকেন্দ্রিক গ্রাফিতি যুক্ত করা হয়েছে। এসব গ্রাফিতিতে সাম্প্রদায়িক সম্প্রীতি, দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ, অধিকার আদায়ের মতো বার্তা ফুটিয়ে তোলা হয়েছে।
পাঠ্যবইয়ের বিষয়বস্তুতে ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক কোনো উপাদান রাখা হয়নি। প্রথম থেকে দশম শ্রেণির বইয়ের পেছনের প্রচ্ছদে নৈতিক শিক্ষা সম্পর্কিত বার্তা ও গ্রাফিতি যুক্ত করা হয়েছে, যেমন—“মানুষ হইতে হবে মানুষ” এবং “পরিশ্রম সাফল্যের চাবিকাঠি”।
এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম রিয়াজুল হাসান জানিয়েছেন, বই পরিমার্জনের কাজ সম্পন্ন হয়েছে এবং মুদ্রণ কার্যক্রম চলছে। আগামী শিক্ষাবর্ষের জন্য প্রস্তুত করা এই বইগুলো নিয়ে অভিজ্ঞতা অর্জনের পর ২০২৬ সালে আরও উন্নত সংস্করণ প্রণয়ন করা হবে।