রবিবার, ২১ Jun ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
নিজস্ব সংবাদদাতা, নেত্রকোণা আলো ডটকম:
চট্টগ্রামে এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণের মামলায় মোস্তাফিজুর রহমান বাবু নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাঁচ বছর পর এ মামলার রায় ঘোষণা করা হয়।
রোববার (২৪ নভেম্বর) চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক বেগম ফেরদৌস আরা এ রায় দেন। অভিযুক্ত দুজন প্রমাণের অভাবে খালাস পেয়েছেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত মোস্তাফিজুর রহমান বাবু চট্টগ্রাম নগরীর মুরাদপুর এলাকার বাসিন্দা। তিনি মাদ্রাসাতুল মদিনায় কর্মরত ছিলেন। রায় ঘোষণার পর তাকে কারাগারে পাঠানো হয়।
ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী কফিল উদ্দিন জানান, দণ্ডপ্রাপ্ত বাবুকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে তাকে আরও ছয় মাস কারাভোগ করতে হবে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০১৯ সালের ১১ ও ১৮ অক্টোবর মাদ্রাসার এক শিক্ষার্থীকে ধর্ষণ করেন মোস্তাফিজুর রহমান বাবু। ওই বছরের ২৪ নভেম্বর ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা পাঁচলাইশ থানায় বাবুসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেন।
তদন্ত শেষে ৩১ ডিসেম্বর পুলিশ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। মামলার বিচারে আটজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক এ রায় দেন।