শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:
রাজধানীর ডেমরায় তিন কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ২৫ নভেম্বর, সোমবার, কবি নজরুল সরকারি কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা হামলা চালিয়েছে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে (ডিএমআরসি)। এই ঘটনায় দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। বেলা ১২টার দিকে সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ২৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে শিক্ষার্থীসহ সাধারণ মানুষও রয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং তারা জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক এ তথ্য নিশ্চিত করে জানান যে, সংঘর্ষের ঘটনায় আহতদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এছাড়াও, হামলার পর মোল্লা কলেজের ভবনে ব্যাপক ভাঙচুর চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল নিক্ষেপ করে।
এ ঘটনার আগে, সকাল থেকেই সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাসে জড়ো হতে শুরু করেন এবং সকাল ১০টার দিকে তারা লাঠিসোঁটা হাতে কবি নজরুল কলেজের দিকে এগিয়ে যান। পরে, বেলা ১১টার দিকে, কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে মোল্লা কলেজের দিকে রওনা হন এবং সেখানে হামলা ও ভাঙচুর চালান।