শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
অনলাইন ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২০ জনকে আটক করেছে যৌথবাহিনী। কোতোয়ালি থানার ওসি ফজলুল কাদের নিশ্চিত করেছেন যে, মঙ্গলবার বিকাল থেকে গভীর রাত পর্যন্ত নগরীর পাথরঘাটা মাথার পট্টি, আন্দরকিল্লা, এবং হাজারী গলি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
সাইফুল ইসলাম আলিফ চট্টগ্রামে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র এবং বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরের ঘটনায় সৃষ্ট ত্রিমুখী সংঘর্ষে নিহত হন। সংঘর্ষে আইনশৃঙ্খলা বাহিনী এবং বিক্ষুব্ধ জনতার মধ্যে সহিংসতা ঘটে।
এ ঘটনায় রাত ১০টার পর থেকে নগরীতে যৌথ বাহিনীর অভিযান জোরদার করা হয়। তবে এখনো পর্যন্ত হত্যার ঘটনায় কোনো মামলা হয়নি বলে পুলিশ জানিয়েছে।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিন জানিয়েছেন, নিহত সাইফুল ইসলামের প্রথম জানাজা বুধবার সকাল ১০টায় আদালত প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা বেলা ১১টায় জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে এবং তৃতীয় জানাজা লোহাগাড়ায় তার গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হবে।
এদিকে, ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর জামিন শুনানির দিন আইনজীবী সাইফুল হত্যার বিচারের দাবিতে আদালত বর্জনের ডাক দিয়েছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি।
নগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে বলে প্রশাসন জানিয়েছে।