শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:
চট্টগ্রাম আদালতের আইনজীবী ও এপিপি সাইফুল ইসলাম আলিফের জানাজায় হাজারো মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। বুধবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় আদালত ভবন চত্বরে এবং সকাল সোয়া ১১টায় নগরীর দামপাড়া জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে দুই দফা জানাজা অনুষ্ঠিত হয়।
জমিয়তুল ফালাহ মসজিদে অনুষ্ঠিত দ্বিতীয় জানাজায় লাখো মানুষ অংশ নেন। সকাল ১০টার পর থেকেই বিভিন্ন এলাকা থেকে দলে দলে মানুষ জানাজার মাঠে আসতে শুরু করে। সকাল ১১টার আগেই মসজিদ ময়দান পরিপূর্ণ হয়ে যায়।
জানাজায় অংশ নেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এ এফ হাসান আরিফ, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, নগর জামাতের আমীর শাহজাহান চৌধুরী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং নাগরিক কমিটির সদস্য সারজিস আলমসহ আরও অনেকে।
২০১৮ সালে জেলা আইনজীবী সমিতির সদস্য হিসেবে যুক্ত হওয়া সাইফুল ইসলাম আলিফ ছিলেন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকার বাসিন্দা। মঙ্গলবার (২৬ নভেম্বর) বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে আন্দোলনের সময় তাকে কুপিয়ে হত্যা করা হয়।
হত্যাকাণ্ডের প্রতিবাদে চট্টগ্রামের আইনজীবীরা আদালত বর্জনের কর্মসূচি ঘোষণা করেছেন। পুলিশ নগরীর কোতোয়ালী থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অন্তত ২৭ জনকে আটক করেছে। হত্যাকাণ্ডের পেছনের কারণ উদ্ঘাটন ও দোষীদের বিচারের আওতায় আনতে তদন্ত চলছে।
সাইফুল ইসলামের মৃত্যুতে চট্টগ্রামের আইনজীবী সমাজসহ পুরো নগরীতে শোকের ছায়া নেমে এসেছে।