শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:
চট্টগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির কর্মবিরতি দ্বিতীয় দিনের মতো বৃহস্পতিবার (২৮ নভেম্বর) চলমান রয়েছে। এর আগে, বুধবার থেকে এই কর্মবিরতি শুরু হয়।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আশরাফ হোসেন চৌধুরী জানান, আদালত চত্বরে পুলিশের সঙ্গে সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশের সমর্থকদের সংঘর্ষে আইনজীবী আলিফ নিহত হন। এ ঘটনার প্রতিবাদে আইনজীবীরা কর্মবিরতির সিদ্ধান্ত নেন।
আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ জানিয়েছেন, সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে মোট ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ৬ জন আইনজীবী আলিফ হত্যায় সরাসরি জড়িত বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। সিসিটিভি ফুটেজ ও ছবি দেখে হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করা হয়েছে এবং তাদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত বিচার দাবি করে আইনজীবী সমিতি কর্মবিরতি চালিয়ে যাচ্ছে। তারা জানিয়েছেন, দোষীদের গ্রেপ্তার ও উপযুক্ত শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে।
চট্টগ্রাম আদালত চত্বরে এই সংঘর্ষ ও হত্যাকাণ্ড বিচারাঙ্গনে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।