শুক্রবার, ২৬ Jun ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
আইনের শাসন প্রতিষ্ঠা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে হলে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে আলাদা করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। শনিবার (৩০ নভেম্বর) সকালে সুপ্রিম কোর্ট বার কর্তৃক আয়োজিত নবীন আইনজীবীদের কর্মশালায় তিনি এই মন্তব্য করেন।
প্রধান বিচারপতি বলেন, “বিচারপতি অপসারণের জন্য সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল গঠন করা হয়েছে, যা আগে পার্লামেন্টের অধীনে ছিলো। বিচার বিভাগকে আলাদা করার লক্ষ্যে সরকারকে আনুষ্ঠানিক প্রস্তাবও দেওয়া হয়েছে।”
এ সময় তিনি নবীন আইনজীবীদের সততার সঙ্গে কাজ করার আহ্বান জানান এবং বলেন, “প্রাতিষ্ঠানিক স্বশাসন বিচার বিভাগের স্বাধীনতার অবিচ্ছেদ্য অঙ্গ। নবীন আইনজীবীদের উচিত বিচার বিভাগের মর্যাদা সমুন্নত রাখতে সচেষ্ট হওয়া।” তিনি আরও বলেন, “সাম্প্রতিক আদালত অঙ্গনে ঘটে যাওয়া ঘটনায় আইনজীবীদের আরো বেশি দায়বদ্ধ হয়ে কাজ করতে হবে। বার ও বেঞ্চের সম্মিলিত প্রচেষ্টায় বিচার বিভাগ এগিয়ে যাবে।”
কর্মশালায় চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে ৫ আগস্টের আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। উল্লেখ্য, আজকের কর্মশালায় চট্টগ্রামের আইনজীবী আলিফেরও উপস্থিত থাকার কথা ছিল।
কর্মশালায় উপস্থিত ছিলেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, হাইকোর্ট বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, সুপ্রিম কোর্ট বারের সভাপতি মাহবুব উদ্দিন খোকন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন, এবং সারা দেশ থেকে প্রায় ১,৫০০ নবীন আইনজীবী, যারা বারে নতুন সদস্য হয়েছেন, উপস্থিত ছিলেন।