রবিবার, ২১ Jun ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
সম্প্রতি তারল্য সংকট মোকাবিলায় ছয়টি দুর্বল বাণিজ্যিক ব্যাংককে নতুন ছাপানো টাকা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। যদিও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর আগেই বলেছিলেন, নতুন মুদ্রা ছাপানোর পরিকল্পনা নেই। তবে এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
৩০ (নভেম্বর) শনিবার রাজধানীর একটি হোটেলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত এক বাণিজ্য সম্মেলনে তিনি এ বিষয়ে বক্তব্য দেন।
অর্থ উপদেষ্টা বলেন, “দেশের অর্থনীতিতে কিছুটা স্থিতিশীলতা আসতে শুরু করেছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভও বাড়ছে। বিদেশি সহযোগী সংস্থাগুলোর ইতিবাচক সাড়া এ ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখছে।”
তিনি আরও বলেন, “আগের সরকারের রেখে যাওয়া অনিয়ম ও দুর্নীতি দ্রুত স্বাভাবিক করা সম্ভব নয়। তবে ভবিষ্যতে আর কেউ অর্থ পাচার করতে পারবে না।”
নতুন মুদ্রা ছাপানোর প্রসঙ্গে তিনি বলেন, “কয়েকদিন আগে ২২ হাজার কোটি টাকা ছাপিয়ে ব্যাংকগুলোতে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর প্রথমে দিতে চাননি, কিন্তু আমি বলেছি, দাও। এভাবে পরিস্থিতি সাময়িকভাবে স্থিতিশীল করা দরকার।”
তিনি জানান, মুদ্রাস্ফীতি রোধে সতর্ক থাকার পাশাপাশি বেসরকারি খাতে ঋণ সরবরাহ যেন প্রভাবিত না হয়, সে বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, ডিসিসিআই সভাপতি আশরাফ আহমেদ, অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ লিমিটেডের (এবিবি) চেয়ারম্যান সেলিম আর এফ রহমান, এবং ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ফিকি) সভাপতি জাভেদ আখতার।