শুক্রবার, ২৬ Jun ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:
বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হয়েছে দেশীয় প্রযুক্তিতে নির্মিত আধুনিক যুদ্ধজাহাজ ‘বানৌজা বিশখালী’। এটি নির্মাণ করা হয়েছে খুলনা শিপইয়ার্ডে। ৩০ নভেম্বর শনিবার খুলনা নেভাল বার্থে আয়োজিত কমিশনিং অনুষ্ঠানে জাহাজটি আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীর বহরে অন্তর্ভুক্ত করা হয়।
অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান জাহাজটির অধিনায়কের হাতে কমিশনিং ফরমান তুলে দেন এবং নৌবাহিনীর ঐতিহ্য অনুযায়ী নামফলক উন্মোচন করেন।
‘বানৌজা বিশখালী’র নামকরণ করা হয়েছে বিশখালী নদীর নামে। এটি ১৯৭৮ সালে প্রথমবারের মতো কমিশনিং করা হয়েছিল এবং ৩৬ বছর সফলতার সঙ্গে দেশের জলসীমা রক্ষায় ভূমিকা রাখে। ২০১৪ সালে এটি ডি-কমিশন করার পর ২০১৯ সালে খুলনা শিপইয়ার্ডে জাহাজটি নতুনভাবে নির্মাণ শুরু হয়।
২০২৩ সালের ২২ নভেম্বর নির্মাণ শেষে জাহাজটি নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। ৪১তম প্যাট্রোল ক্রাফট স্কোয়াড্রনের পঞ্চম জাহাজ হিসেবে এটি বহরে যুক্ত হয়েছে। জাহাজটির দৈর্ঘ্য ৫১.৬ মিটার, প্রস্থ ৭.৫ মিটার এবং এটি ঘণ্টায় সর্বোচ্চ ২১ নটিক্যাল মাইল বেগে চলতে সক্ষম।
‘বানৌজা বিশখালী’ অত্যাধুনিক সারভেইলেন্স রাডার, জিপিএস, ইকো-সাউন্ডার সিস্টেমসহ বিভিন্ন উন্নত যুদ্ধ সরঞ্জামে সুসজ্জিত।
নৌবাহিনী প্রধান বলেন, “স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, অর্থনৈতিক উন্নয়ন এবং ভূ-রাজনৈতিক প্রয়োজনে শক্তিশালী নৌবাহিনী অপরিহার্য। নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে এটি আজ একটি দক্ষ ত্রিমাত্রিক বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করেছে।”
তিনি আরও উল্লেখ করেন, “দেশের বন্দর নিরাপত্তা, সমুদ্র বাণিজ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং ব্লু-ইকোনমি বাস্তবায়নে নৌবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।”
অনুষ্ঠানে খুলনা নৌ অঞ্চলের কমান্ডার নৌবাহিনী প্রধানকে স্বাগত জানান। তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।