শনিবার, ২৭ Jun ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটি সংগঠনের হামলার ঘটনাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছেন আইন ও বিচার বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।
সোমবার (২ ডিসেম্বর) রাতে তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি লিখেছেন, “আজ ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন তছনছ করা হয়েছে, বাংলাদেশের পতাকায় অগ্নিসংযোগ করা হয়েছে। আন্তর্জাতিক আইন অনুসারে, ভারতের মাটিতে বাংলাদেশের দূতাবাসের পরিপূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা ভারত সরকারের দায়িত্ব। তারা এ দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে।”

এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, “ভারতকে বুঝতে হবে, বাংলাদেশ এখন একটি আত্মমর্যাদাশীল, স্বাধীন ও নির্ভীক তরুণ সম্প্রদায়ের দেশ। শেখ হাসিনার সরকার হয়তো ভারত-তোষণ নীতিতে বিশ্বাসী ছিল, কিন্তু এই বাংলাদেশ তরুণদের বাংলাদেশ।”
তিনি আরও উল্লেখ করেন, যদি একই ধরনের ঘটনা ‘মুসলিম সংঘর্ষ সমিতি’ নামের কোনো সংগঠন বাংলাদেশে করত, তাহলে ভারতে কেমন আক্রমণাত্মক প্রচারণা চালানো হতো তা ভাবার বিষয়।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের নিন্দা জানিয়ে আসিফ নজরুল বলেন, “ভারতের সংখ্যালঘু ও দলিত সম্প্রদায়ের ওপর ঘটে যাওয়া ঘটনাগুলোর জন্য বরং তাদের লজ্জিত হওয়া উচিত।”
তিনি শেষ করেন এই বার্তা দিয়ে, “আমরা সমমর্যাদা ও সমানাধিকার ভিত্তিক বন্ধুত্ব চাই। ভারতকে বুঝতে হবে, এটি তরুণদের বাংলাদেশ।”