শনিবার, ২৭ Jun ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:
পুলিশ সংস্কার কমিশনের উদ্যোগে পরিচালিত ‘কেমন পুলিশ চাই’ শীর্ষক জনমত জরিপের ফলাফল প্রকাশিত হয়েছে। এই জরিপের ফলাফল কমিশনের ওয়েবসাইটে (www.prc.mhapsd.gov.bd) পাওয়া যাবে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব এবং পুলিশ সংস্কার কমিশনের সদস্য সচিব আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সম্প্রতি দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিহত করতে পুলিশের কিছু সদস্যের সহিংস ভূমিকা নিয়ে দেশ-বিদেশে ব্যাপক সমালোচনা হয়েছে। এরই প্রেক্ষিতে, পুলিশ বাহিনীর সংস্কার এখন সময়ের অপরিহার্য দাবি হয়ে উঠেছে।
সরকারের নির্দেশনায় গঠিত পুলিশ সংস্কার কমিশন এই দাবি পূরণের লক্ষ্যে কাজ করছে। এর অংশ হিসেবে, জনসাধারণের মতামত জানতে ‘কেমন পুলিশ চাই’ শিরোনামে একটি জনমত জরিপ পরিচালনা করা হয়।
জরিপের মাধ্যমে জনগণ কেমন ধরনের পুলিশ বাহিনী প্রত্যাশা করে, সে সম্পর্কে গভীর ধারণা পাওয়া গেছে। এই মতামত পুলিশের সংস্কার প্রক্রিয়ায় কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
জরিপের ফলাফল থেকে প্রাপ্ত তথ্যগুলো পুলিশ বাহিনীর সংস্কার এবং আধুনিকায়নে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হিসেবে ব্যবহৃত হবে।