শনিবার, ২৭ Jun ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:
জুলাই মাসে গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশ-ভারত সম্পর্ক একাধিক ইস্যুতে তলানিতে গিয়ে ঠেকেছে। ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার এবং আদালত প্রাঙ্গণে সংঘটিত সহিংসতার জেরে উত্তেজনা আরও তীব্র হয়েছে। বিশেষ করে ত্রিপুরায় বাংলাদেশের হাইকমিশনে হামলার ঘটনা এই টানাপোড়েনকে আরও উসকে দিয়েছে।
এমন প্রেক্ষাপটে দুই দেশের দ্বিপাক্ষিক ইস্যু নিয়ে আলোচনা করতে ভারতের পররাষ্ট্র সচিব ঢাকায় আসছেন।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বুধবার জানিয়েছে, পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি আগামী সপ্তাহে বাংলাদেশ সফর করবেন বলে আশা করা হচ্ছে। নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর এটি হবে ঢাকায় কোনো সিনিয়র ভারতীয় কর্মকর্তার প্রথম সফর।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, আনুষ্ঠানিক ঘোষণা এখনও না এলেও বিক্রম মিসরি ১০ ডিসেম্বর বাংলাদেশের পররাষ্ট্র দপ্তরের বার্ষিক আলোচনায় অংশ নিতে ঢাকায় আসবেন বলে ধারণা করা হচ্ছে। ঢাকা ও দিল্লির সংশ্লিষ্ট সূত্রগুলো সফরের প্রস্তুতির বিষয়ে নিশ্চিত করেছে, যদিও তারা নাম প্রকাশে অনিচ্ছুক।
সফরটি এমন সময় অনুষ্ঠিত হচ্ছে, যখন দুই দেশের মধ্যে সম্পর্কের অভূতপূর্ব উত্তেজনা বিরাজ করছে। হিন্দু সংখ্যালঘুদের ওপর কথিত নিপীড়ন এবং চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের জেরে ভারতীয় সীমান্তবর্তী রাজ্যগুলোতে বিক্ষোভ অব্যাহত রয়েছে।
পর্যবেক্ষকরা মনে করছেন, বিক্রম মিসরির এই সফর দুই দেশের মধ্যে সম্পর্ক পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।