রবিবার, ১০ মে ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার যদুপুর এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১৬ জন।
শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের যদুর মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল গফুর। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঢাকা থেকে পঞ্চগড়গামী হেরিটেজ পরিবহনের একটি স্লিপার কোচ বিপরীত দিক থেকে আসা ধান বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের তীব্রতায় বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে বীরগঞ্জ ও ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। আহতদের উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঠাকুরগাঁও সদর হাসপাতাল এবং দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করছে স্থানীয় পুলিশ।