শনিবার, ২৭ Jun ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:
গ্রুপ পর্বে দাপট দেখিয়ে এশিয়া কাপের সেমির টিকিট কেটেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সেমিফাইনালে সেই দাপট অব্যাহত রেখেছে বাংলাদেশের বোলিং বিভাগ। ইকবাল হোসেন ইমন এবং মারুফ মৃধার দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে ১১৬ রানে অলআউট করেছে জুনিয়র টাইগাররা।
দুবাইতে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক আজিজুল হাকিম তামিম। টস হেরে আগে ব্যাট করতে নেমে ৩৭ ওভারেই থামে পাকিস্তানের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ৩২ রান করেছেন ফারহান ইউসুফ। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান আসে মোহাম্মদ রিজাউল্লাহর ব্যাট থেকে।
বাংলাদেশের হয়ে ৭ ওভার বল করে ২৪ রানে ৪ উইকেট শিকার করেছেন ইকবাল হোসেন ইমন। মারুফ মৃধা শিকার করেছেন দুই উইকেট, এবং আল ফাহাদ ও দেবাশিষ দেবা নেন একটি করে উইকেট। পাকিস্তানের বাকি দুই ব্যাটার সাজঘরে ফিরেছেন রানআউটে।
ফাইনালে যেতে হলে জুনিয়র টাইগারদের ৫০ ওভারে ১১৭ রান করতে হবে, যা একটি সহজ লক্ষ্য বলা যায়। টাইগার যুবারা ফাইনালে উঠতে পারলে প্রতিপক্ষ হিসেবে ভারত-শ্রীলঙ্কার মধ্যে বিজয়ী দলকে পাবে।