শনিবার, ২৭ Jun ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
সিরিয়ার ভূমি দখল করলো ইসরায়েলি বাহিনী

সিরিয়ার ভূমি দখল করলো ইসরায়েলি বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক ঘোষণায় জানিয়েছেন, তার সেনাবাহিনী গোলান মালভূমির অসামরিক বাফার জোন সাময়িকভাবে দখলে নিয়েছে। সিরিয়ায় আসাদ সরকারের পতনের পর গোলানে ইসরায়েল অধিকৃত এলাকা থেকে বাফার জোন এবং আশপাশের কমান্ডিং অবস্থানগুলোতে ঢোকার জন্য প্রতিরক্ষা বাহিনীকে নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। খবর রয়টার্স।

ইসরায়েলি গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী দক্ষিণ সিরিয়া ও দামেস্কের অস্ত্রের ডিপোগুলোতে হামলা চালিয়েছে, যাতে বিরোধীরা সেগুলো দখল করতে না পারে।

১৯৭৪ সালে সিরিয়ার সঙ্গে ইসরায়েলের যে সমঝোতা চুক্তি হয়েছিল, সিরিয়ার বিদ্রোহীদের হাতে দেশটির নিয়ন্ত্রণ চলে যাওয়ার কারণে তা ‘ভেঙে পড়েছে’ বলে জানিয়েছেন নেতানিয়াহু।

তিনি বলেন, “আমরা আমাদের সীমান্তে কোনও বৈরী শক্তিকে অবস্থান নিতে দেব না।”

যুক্তরাজ্য ভিত্তিক একটি যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা জানায়, শনিবার বাফার জোনের ভেতরে অবস্থিত কুনেইত্রা প্রদেশে সিরীয় সেনারা তাদের অবস্থান ত্যাগ করেছে।

রোববার (৮ ডিসেম্বর) ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বাফার জোনের ভেতরে থাকা পাঁচটি সিরীয় গ্রামের বাসিন্দাদের পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তাদের বাড়িতে থাকতে বলেছে।

গোলান মালভূমি দামেস্ক থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত বলে জানিয়েছে বিবিসি।

১৯৭১ সাল থেকে বাশার আল–আসাদ এবং তার বাবা দেশটির ক্ষমতায় ছিলেন। রোববার ভোরে ইসলামপন্থি বিদ্রোহী সংগঠন হায়াত তাহরির আল–শামের (এইচটিএস) নেতৃত্বাধীন বিভিন্ন গোষ্ঠী দামেস্কে ঢুকে পড়ে।

এরপর তারা রাষ্ট্রীয় টেলিভিশনে হাজির হয়ে “সিরিয়া এখন মুক্ত” বলে ঘোষণা দেয়। পরবর্তীতে সিরিয়ার বিদ্রোহী যোদ্ধারা রাজধানী দামেস্কের নিয়ন্ত্রণ নেয়ার পর এবং দেশটির প্রেসিডেন্ট বাশার আল–আসাদকে ক্ষমতাচ্যুত করার পর গোলান মালভূমির বাফার জোন দখলের পদক্ষেপ নিল ইসরায়েল।

১৯৬৭ সালে ছয়দিনের যুদ্ধে সিরিয়ার কাছ থেকে গোলান মালভূমি দখল ও সংযুক্ত করে নেয় ইসরায়েল। তবে যুক্তরাষ্ট্র ব্যতীত আন্তর্জাতিক সম্প্রদায় এটিকে সিরিয়ার দখলকৃত ভূখণ্ড হিসেবে দেখে আসছিল। পরে ১৯৭৪ সালে বাফার জোন প্রতিষ্ঠিত হয়, যা ইসরায়েলি অধিকৃত ও সিরিয়ার অঞ্চলের মধ্যে বিভাজন তৈরি করে।

এ বিষয়ে রোববার নেতানিয়াহু বলেন, “কয়েক বছরের পুরনো চুক্তি আর কার্যকর নেই এবং সিরিয়ার সৈন্যরা তাদের অবস্থান ছেড়ে চলে গেছে। ফলে ইসরায়েলের এখন তা দখলে নেয়া প্রয়োজন হয়ে পড়েছে।”

পরে ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির কৃষি এলাকাগুলো ক্লোজড মিলিটারি জোন হিসেবে ঘোষণা করা হয়।

নাম প্রকাশ না করার শর্তে ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম কেএএনকে বলেন, “দক্ষিণ সিরিয়া ও দামেস্কের বিমানবন্দর এলাকার অস্ত্র ডিপোগুলো সশস্ত্র গোষ্ঠী ও স্থানীয় বিরোধী দলগুলো দখল করতে পারে- এমন আশঙ্কায় আমরা সেগুলোতে হামলা করেছি।”

“ইসরায়েল যেকোনো সম্ভাব্য হুমকিকে ব্যর্থ করতে এবং সিরিয়ায় তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার যেকোনো ধরনের ক্ষতি ঠেকাতে কাজ করছে,” বলেন তিনি।

হিজবুল্লাহ ও ইরান-সমর্থিত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে উন্নত অস্ত্রের সম্ভাব্য সরবরাহের বিষয়ে উদ্বেগের কথা উল্লেখ করে ইসরায়েল প্রায়ই সিরিয়ার বিভিন্ন সামরিক স্থাপনাগুলোতে হামলা চালিয়ে আসছিল।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com