শনিবার, ২৭ Jun ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব পদ থেকে পদত্যাগ করেছেন ড. মোহাম্মদ আবদুল মোমেন। তিনি দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান পদে নিয়োগ পাবেন বলে জানা গেছে, এ কারণে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই পদ থেকে পদত্যাগ করেছেন।
সোমবার (৯ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন ড. মোমেন। সূত্র জানিয়েছে, দুদক চেয়ারম্যান পদে নিয়োগ পেতে হলে তাকে অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী হতে হয় এবং তার কমপক্ষে ২০ বছরের অভিজ্ঞতা থাকতে হয়, যা তিনি অর্জন করেছেন।
ড. মোমেন ১৮ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পান এবং ১ অক্টোবর সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত দায়িত্বও গ্রহণ করেন। তিনি ১৯৮২ সালে বিসিএস (বিশেষ) প্রশাসন ক্যাডারে যোগদান করেন এবং মাঠ প্রশাসনের বিভিন্ন স্তরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
তিনি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার ইউএনও হিসেবে কাজ করেছেন এবং প্রশাসনের উচ্চপর্যায়ের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।