রবিবার, ২১ Jun ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
লন্ডন থেকে দেশে ফিরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, তারেক রহমানের বিরুদ্ধে থাকা মিথ্যা ও প্রতিহিংসামূলক মামলাগুলো প্রত্যাহার হলে বা আদালতের মাধ্যমে নিষ্পত্তি হলেই তিনি দেশে ফিরবেন।
আজ (১২ ডিসেম্বর) বৃহস্পতিবার লন্ডন সফর শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “আমি যে উদ্দেশ্যে লন্ডনে গিয়েছিলাম, তা সফল হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা হয়েছে। প্রবাসী বাংলাদেশি ও বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করেছি। সেখানের একটি সভায় যোগ দিয়েছি এবং প্রেসের সঙ্গে মতবিনিময় করেছি। লন্ডন সফর ফলপ্রসূ ছিল।”
তারেক রহমানের কাছ থেকে কী বার্তা এনেছেন—এমন প্রশ্নের জবাবে ফখরুল বলেন, “ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, সবাইকে ধৈর্য ধরতে হবে। ছাত্র-জনতার আন্দোলনে বড় বিজয় এসেছে। এই বিজয়কে অর্থবহ করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য নির্বাচনের প্রস্তুতি নিতে হবে।”
সরকারের একজন উপদেষ্টার রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে—এই বক্তব্য প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “কী প্রেক্ষাপটে তিনি এমন মন্তব্য করেছেন, তা আমি জানি না। তবে এটি রাজনীতিবিরোধী বক্তব্য। রাজনৈতিক দলগুলো সবসময় অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন করেছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার উদ্দেশ্যে। আমরা ১৫ বছর ধরে এই লক্ষ্যে সংগ্রাম করছি।”
ভারতের সঙ্গে সাম্প্রতিক ঘটনাগুলো সমাধান নিয়ে এক প্রশ্নে ফখরুল বলেন, “আলোচনার মাধ্যমেই সমাধান হবে এবং সেই আলোচনাই এগিয়ে চলছে।”
তিনি আরও জানান, বিএনপি প্রয়োজনীয় সংস্কারের বিষয়ে প্রথম থেকেই কথা বলছে এবং অন্তর্বর্তী সরকারের জন্য সহযোগিতার আহ্বান জানিয়ে আসছে।
উল্লেখ্য, গত ৩০ নভেম্বর স্ত্রী রাহাত আরা বেগমকে নিয়ে লন্ডনে যান মির্জা ফখরুল। দেশে ফেরার সময় বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানাতে বিএনপির নেতা ফরহাদ হোসেন আজাদ, আবু মোহাম্মদ আহসান ফিরোজ, সাদী আহমেদ এবং মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।