শনিবার, ৩০ মে ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
জাতীয় নাগরিক কমিটির যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহর ওপর ব্রাহ্মণবাড়িয়ায় হামলার অভিযোগে নেত্রকোণায় বিক্ষোভ মিছিল করেছে নাগরিক কমিটির নেত্রকোণার প্রতিনিধি সদস্যরা।
রোববার রাতে নেত্রকোণা সদর পৌরসভার সামনের সড়কে এই বিক্ষোভ মিছিলটি করা হয়।
এসময় বক্তব্য রাখে জাতীয় নাগরিক কমিটির নেত্রকোণা সদর প্রতিনিধি ফাহিম রহমান খান পাঠান, মোহনগঞ্জ উপজেলা প্রতিনিধি শফিকুল ইসলাম শুভ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রকোণা জেলা শাখার যুগ্ম সদস্য সচিব নাফিউর রহমান খান পাঠানসহ অন্যরা।
ফাহিম রহমান খান পাঠান বলেন, ফ্যাসিবাদিরা মাথাচাড়া দিয়ে উঠছে এবং দেশ ও জনতাবিরোধী ষড়যন্ত্রের পাঁয়তারা করছে। ব্রাহ্মণবাড়িয়ায় আমাদের আতাউল্লাহ ভাইয়ের ওপর হামলা হয়েছে। অবিলম্বে সব হামলাকারীকে গ্রেপ্তার করার দাবি জানাচ্ছি।
এর আগে গতকাল রাতে জাতীয় নাগরিক কমিটির যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহর ওপর ব্রাহ্মণবাড়িয়ায় হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক কমিটি। অবিলম্বে সব হামলাকারীকে গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন নাগরিক কমিটির নেতারা।
জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেন বলেন, ‘আজকে ব্রাহ্মণবাড়িয়ায় আতাউল্লাহ ভাইয়ের ওপর হামলা হয়েছে। তাঁকে রক্তাক্ত করা হয়েছে, আমাদের সহযোদ্ধাদের রক্তাক্ত করা হয়েছে, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় যিনি জড়িত, তিনিও আওয়ামী ফ্যাসিবাদের দোসর। আমাদের দাবি, ব্রাহ্মণবাড়িয়ায় আতাউল্লাহ ভাইসহ আমাদের সহযোদ্ধাদের ওপর হামলাকারী অ্যাডভোকেট বাবুলকে ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতি থেকে বহিষ্কার করতে হবে। অ্যাডভোকেট বাবুলসহ যারা এই হামলায় যোগ দিয়েছে, নেতৃত্ব দিয়েছে, তাদের আইনজীবীর সনদ বাতিল করতে হবে। অবিলম্বে অ্যাডভোকেট বাবুলসহ সব হামলাকারীকে গ্রেপ্তার করতে হবে।’