শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরে ঘন কুয়াশার কারণে ৪টি যানবাহনের সংঘর্ষ হয়েছে। এতে চারজন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আজ রোববার ভোর সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। হাঁসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ফাড়ির উপ-পরিদর্শক সগির হোসেন ইনডিপেনডেন্ট ডিজিটালকে এই তথ্য নিশ্চিত করেছেন।
সগির হোসেন বলেন, ‘আজ রোববার ভোর ৬টার দিকে এক্সপ্রেসওয়ের নিমতলা এলাকার কিছু দূরে শ্রীনগর সিংপাড়া আন্ডারপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। যানবাহনগুলো ঢাকা থেকে মাওয়ার দিকে যাচ্ছিল।’
সগির হোসেন জানান, চারটি যানবাহনের মধ্যে ৩টি বাস ও একটি মাইক্রোবাস রয়েছে। চারজন আহত হয়েছেন। এরমধ্যে সাকুরা পরিবহনের চালকের পা ভেঙে গেছে। তাঁকে হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে আহতদের পরিচয় জানাতে পারেননি সগির হোসেন। তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করছি, ঘন কুয়াশার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।’
এদিকে, ঘন কুয়াশায় কারণে এক্সপ্রেসওয়েতে পরিবহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করতে দেখা গেছে।