রবিবার, ১০ মে ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

শুধুমাত্র ভোটের জন্য এত মানুষ জীবন দেয়নি : উপদেষ্টা আসিফ

শুধুমাত্র ভোটের জন্য এত মানুষ জীবন দেয়নি : উপদেষ্টা আসিফ

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, ‘সংস্কার কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধুমাত্র একটি নির্বাচন কিংবা ভোটের জন্য এত এত মানুষ জীবন দেয়নি। প্রায় ২ সহস্রাধিক মানুষ শহীদ এবং ২০ হাজারের বেশি আহত হয়েছেন। শহীদ ও আহতরাও সংস্কারের কথা বলছে।’

বুধবার সকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ হলরুমে অসহায় ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘এই গণঅভ্যুত্থানের এক দফা ছিল স্বৈরাচারী শেখ হাসিনার পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলুপ্তি। ফ্যাসিবাদী ব্যবস্থা বলতে আমরা বুঝি, বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো ফ্যাসিবাদী প্রক্রিয়ায় ধ্বংস হয়েছে। অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের স্পষ্ট ম্যান্ডেট হলো সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা। আমাদের কমিশনগুলোর তিন মাসের মতো সময় অতিবাহিত হয়েছে। তারা শিগগিরই প্রস্তাবনা দেবেন। স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে সংস্কার কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে একটি নির্বাচনের দিকে এগোনো হবে।’

উত্তরাঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘উত্তরবঙ্গের জেলাগুলো দীর্ঘদিন অবহেলিত ছিল। আমরা স্পষ্টভাবে জানাতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই অঞ্চলের উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। দীর্ঘমেয়াদি প্রকল্প হাতে নেওয়া হবে, যাতে বর্তমান সরকারের মেয়াদ শেষ হলেও উন্নয়নের সুফল পাওয়া যায়।’

আহত আন্দোলনকারীদের সহযোগিতার বিষয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আহতদের চিকিৎসার জন্য কেন্দ্রীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগের ব্যবস্থা করা হবে। আশা করি ভবিষ্যতে এ সমস্যা থাকবে না।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঠাকুরগাঁও এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মামুন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক সরদার মোস্তফা শাহিন, অতিরিক্ত পুলিশ সুপার লিজা বেগম, এবং বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com