রবিবার, ২১ Jun ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
নেত্রকোণার মোহনগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ৪ জন আহত হয়েছেন।
শনিবার সকালে উপজেলার সমাজ-সহিলদেও ইউনিয়নের হিম্মতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, উপজেলার হিম্মতপুর গ্রামের সুলতু মিয়া, হাবিবুর রহমান, মজিবুর রহমান ও মজিবর মিয়া।
আজ রোববার মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে উপজেলার হিম্মতপুর গ্রামের আনসারুল ইসলাম ও হাবিবুর মিয়ার মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধে আনসারুলের পক্ষ নেয় স্থানীয় যুবদল নেতা রিপন মিয়া। শনিবার দুপুরে হাবিবুর ও তার পরিবারের লোকজন জমিতে কাজ করছিলেন। এ সময় আনসারুল ও রিপনের লোকজন হাবিবুরদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় হাবিবুর রহমানসহ তার পরিবারের ৪ জন জখম হয়। পরে তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
হামলার শিকার হাবিবুর রহমান বলেন, আনসারুলদের পক্ষ নিয়ে ইউনিয়ন যুবদল নেতা রিপন আমাদের জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। জমি দখলের জন্য আমাদের ওপর হামলা চালায়। দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে আমাদের জখম করে। চিকিৎসা শেষে এসে তাদের বিরুদ্ধে মামলা করা হবে।
এ বিষয়ে জানতে অভিযুক্ত আনসারুলকে ফোনে পাওয়া যায়নি। তবে যুবদল নেতা রিপন মিয়া জানান, ঘটনার দিন আমি বাইরে ছিলাম। শুনেছি জমি নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন। এই ঘটনায় আমি জড়িত নই।
প্রাথমিক তদন্তের বরাতে মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, জমি বিরোধের জেরে মারামারিতে উভয়পক্ষের ৪ জন আহত হন। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।