রবিবার, ২১ Jun ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নেত্রকোণা জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম হিলালী বলেন, “আমরা ভবিষ্যতের বাংলাদেশ ভালোবাসা দিয়ে গড়তে চাই। আওয়ামী লীগের সাধারণ কর্মীদের উদ্দেশ্য করে বলছি, আপনাদের ভয় পাওয়ার কিছু নেই। আমরা শুধু তাদের বিরুদ্ধেই আইনানুগ ব্যবস্থা নেব যারা আওয়ামী শাসনামলে বিএনপির নেতাকর্মীদের ওপর নির্যাতন, হামলা, মামলা ও নিপীড়ন করেছে।”
নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার চিথোলিয়া খেলার মাঠে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয় মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর)। এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নেত্রকোণা জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম হিলালী।
তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “আমরা কারো সাথে সহিংসতায় জড়াতে চাই না। আমাদের লক্ষ্য ভালোবাসার মাধ্যমে বাংলাদেশের আগামীর পথচলা নিশ্চিত করা।”
সমাবেশের সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মোস্তফা, এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুব আলম জরিপ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন এবং সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূইয়া।
এছাড়াও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন খান মিলকী।
সমাবেশে উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন, যারা দলীয় ঐক্য এবং ভবিষ্যতের রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণের অঙ্গীকার করেন।