শুক্রবার, ১৯ Jun ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের ওপর গুলি, নিহত ১

যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের ওপর গুলি, নিহত ১

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের কানসাস সিটিতে এক বন্দুকধারীর ধারাবাহিক গুলিবর্ষণে ১ জন নিহত এবং এক কিশোরসহ ৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সমর্থকদের বহনকারী এক উবার চালকও রয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে শহরের প্রায় পাঁচ মাইল এলাকাজুড়ে ৫টি পৃথক স্থানে এই হামলার ঘটনা ঘটে। এর মধ্যে তিনটি হামলা হয় মহাসড়কে, যা আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচ অনুষ্ঠিত হওয়া অ্যারোহেড স্টেডিয়াম থেকে মাত্র চার মাইল দূরে ছিল।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘লা নাসিওন’-কে দুই সমর্থক জানান, তারা উবারে করে স্টেডিয়ামে যাওয়ার সময় একটি গাড়ি থেকে তাদের লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে উবার চালকের পায়ে গুলি লাগে। পরে পুলিশ এসে তাদের নিরাপদে স্টেডিয়ামে পৌঁছে দেয়। চিকিৎসকরা জানিয়েছেন, আহত চালক বর্তমানে আশঙ্কামুক্ত। তবে ট্রুম্যান রোডে গুলিতে আহত অন্য এক গাড়ি চালক হাসপাতালে মারা গেছেন। আহতদের মধ্যে আরও একজনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত ২২ বছর বয়সী এক সন্দেহভাজন যুবক এখনো পলাতক। তাকে অত্যন্ত বিপজ্জনক হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, সবকটি হামলা একই ব্যক্তি চালিয়েছে। ওই যুবকের বিরুদ্ধে আগের একটি অপরাধের কারণেও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com