শনিবার, ২৭ Jun ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
বেতনসহ রানিং অ্যালাউন্স যুক্ত করে পেনশন ও আনুতোষিক সুবিধার দাবিতে সারাদেশে কর্মবিরতি পালন করছিলেন বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফরা। এতে মঙ্গলবার (২৮ জানুয়ারি) সারাদেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বুধবার সকালেও ট্রেন চলাচল বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছিল। তবে দাবি পূরণের আশ্বাসে প্রায় ২৬ ঘণ্টা পর এই কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে।
রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এর সঙ্গে শ্রমিক নেতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বুধবার (২৯ জানুয়ারি) রাত আড়াইটার দিকে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান সাংবাদিকদের জানান,
“উপদেষ্টা মহোদয় আশ্বাস দিয়েছেন, বুধবারের মধ্যে অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের বিষয়টি দ্রুত সমাধান করা হবে। আমরা জনগণের দুর্ভোগ চাই না, এজন্য দুঃখ প্রকাশ করছি। এখন থেকে কর্মবিরতি প্রত্যাহার করলাম। সকল রানিং স্টাফ কাজে ফিরে যান।”
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ফেসবুকে দেওয়া এক পোস্টে লেখেন,
“রেল কর্মকর্তা ও কর্মচারীদের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। শ্রমিক নেতাদের সাথে নিয়ে আমরা রেল উপদেষ্টার সাথে বৈঠক করেছি এবং সমস্যার সমাধান করেছি।”
কর্মবিরতি প্রত্যাহারের ফলে বুধবার সকাল থেকেই দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হতে শুরু করেছে। যাত্রীরা আবারও স্বাভাবিকভাবে ট্রেনে যাতায়াত করতে পারবেন বলে জানিয়েছেন রেলওয়ে কর্তৃপক্ষ।