শনিবার, ২৭ Jun ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
সংস্কার প্রক্রিয়ায় সমর্থন জানিয়ে প্রধান উপদেষ্টাকে জাতিসংঘ মহাসচিবের চিঠি

সংস্কার প্রক্রিয়ায় সমর্থন জানিয়ে প্রধান উপদেষ্টাকে জাতিসংঘ মহাসচিবের চিঠি

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের দৃঢ় সংহতি এবং চলমান সংস্কার প্রক্রিয়ার প্রতি সমর্থন জানিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

রোহিঙ্গা ইস্যুতে গত ৪ ফেব্রুয়ারি জাতিসংঘ মহাসচিবকে চিঠি লেখেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এরপর ৭ ফেব্রুয়ারি নিউইয়র্কে মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করে সেই চিঠি হস্তান্তর করেন প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক ‘হাই রিপ্রেজেন্টেটিভ’ খলিলুর রহমান। এর জবাবে জাতিসংঘ মহাসচিবের লেখা চিঠির একটি অনুলিপি বুধবার (২৬ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

চিঠিতে মহাসচিব লেখেন, “৪ ফেব্রুয়ারির চিঠির জন্য আপনাকে ধন্যবাদ, যা ৭ ফেব্রুয়ারির সাক্ষাতের সময় আপনার রোহিঙ্গা সংকট ও অগ্রাধিকার বিষয়ক প্রতিনিধি খলিলুর রহমান আমার কাছে হস্তান্তর করেছেন। আমি বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের দৃঢ় সংহতি এবং আপনার নেতৃত্বে সংস্কার প্রক্রিয়ার প্রতি আমাদের সমর্থন পুনর্ব্যক্ত করছি।”

তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ ও পুরো অঞ্চলের ওপর রোহিঙ্গা সংকটের প্রভাব এবং রাখাইন রাজ্যের ক্রমবর্ধমান মানবিক পরিস্থিতি নিয়ে ড. ইউনূস যে উদ্বেগ প্রকাশ করেছেন, তার সঙ্গে একমত জাতিসংঘ। রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আদায়ে জাতিসংঘের প্রচেষ্টা অব্যাহত থাকবে। মিয়ানমারের সংকট রাজনৈতিকভাবে সমাধানের লক্ষ্যে আসিয়ানসহ অন্যান্য অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাবে জাতিসংঘ।

রাখাইনের ক্ষতিগ্রস্ত সম্প্রদায়গুলোর জন্য মানবিক সহায়তা নিশ্চিত করতে জাতিসংঘের কান্ট্রি টিমগুলোর ভূমিকা বাড়ানোর নির্দেশ দিয়েছেন মহাসচিব। তিনি বলেন, “আমি আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুরোধ করেছি, তারা যেন রাখাইনের জনগণের মানবিক সহায়তা এবং জীবিকা নির্বাহের জন্য সর্বোচ্চ সহায়তা প্রদান নিশ্চিত করে।”

জাতিসংঘ মহাসচিব আরও জানান, তিনি আশাবাদী যে মিয়ানমারে রোহিঙ্গা ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের সম্মেলন বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষণ করবে এবং সংকট সমাধানের পথ সুগম করবে।

আগামী ১৩ মার্চ জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ঢাকা সফরে আসবেন। চিঠিতে তিনি উল্লেখ করেন, “রমজান মাসে আমার আসন্ন বাংলাদেশ সফরে এই আলোচনাকে আরও এগিয়ে নেওয়ার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।”

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com