রবিবার, ১০ মে ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

নতুন বাংলাদেশ বিনির্মাণে পুরনো সংবিধান পরিবর্তনের আহ্বান: নাহিদ ইসলাম

নতুন বাংলাদেশ বিনির্মাণে পুরনো সংবিধান পরিবর্তনের আহ্বান: নাহিদ ইসলাম

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
পুরনো সংবিধান এবং শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।

আজ মঙ্গলবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “গণতান্ত্রিক প্রক্রিয়াগুলোকে বারবার বাধাগ্রস্ত করা হয়েছে। শুধু সরকার পরিবর্তন যথেষ্ট নয়, বরং পুরো সাংবিধানিক কাঠামো বদল করে নতুন বাংলাদেশের সূচনা করতে হবে। ২০২৪-এর গণঅভ্যুত্থান যেন ব্যর্থ না হয়, সেই লক্ষ্যে আমরা সংবিধান ও শাসন কাঠামোর পরিবর্তনের দাবি জানাচ্ছি, যেখানে প্রকৃত গণতন্ত্র, ন্যায়বিচার ও সাম্য প্রতিষ্ঠা করা সম্ভব হবে।”

তিনি আরও বলেন, “আমরা একটি নতুন প্রজাতন্ত্র গঠনের পক্ষে। এজন্য নতুন সংবিধান এবং গণপরিষদ নির্বাচন প্রয়োজন। আমরা ‘সেকেন্ড রিপাবলিক’ ধারণার কথা বলছি এবং সেই লক্ষ্যেই কাজ করছি। প্রথম ধাপে আমরা তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম বিস্তৃত করতে চাই।”

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীন ভূখণ্ড পেলেও বারবার সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছে। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে। আমরা গণতান্ত্রিক সংবিধান গড়ে তুলতে পারিনি। একদলীয় সংবিধানের মাধ্যমে দেশে ফ্যাসিবাদ ও স্বৈরাচার প্রতিষ্ঠার ভিত্তি রাখা হয়েছিল।”

বিচারিক কার্যক্রম ও রাজনৈতিক ফয়সালা প্রসঙ্গে মন্তব্য
আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনৈতিক ফয়সালা বাংলার মাটিতেই হতে হবে বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, “আমরা ‘জুলাই গণহত্যা’র বিচার দ্রুততম সময়ের মধ্যে কার্যকর দেখতে চাই।”

জাতীয় নাগরিক পার্টির কর্মসূচি ও ভবিষ্যৎ পরিকল্পনা
জাতীয় নাগরিক পার্টি আজকের কর্মসূচির অংশ হিসেবে প্রথমে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। এরপর সকাল ১০টায় রায়ের বাজার বধ্যভূমিতে ১৯৭১ সালের শহীদ এবং ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের স্মরণে কবর জিয়ারত করবে।

জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

নাহিদ ইসলাম বলেন, “আমাদের লক্ষ্য হলো একটি গণতান্ত্রিক সংবিধান প্রণয়ন করা, যা সত্যিকারের জনগণের অধিকার রক্ষা করবে। দলীয় নিবন্ধন পেতে প্রয়োজনীয় শর্ত দ্রুত পূরণ করে আমরা এ মাসের মধ্যেই গঠনতন্ত্র প্রণয়নের কাজ শুরু করবো।”

জাতীয় নাগরিক পার্টির আনুষ্ঠানিক যাত্রা শুরু
গত ২৮ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এক বিশাল সমাবেশের মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক যাত্রা শুরু করে। এরপর ২১৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।

এই কর্মসূচির মাধ্যমে জাতীয় নাগরিক পার্টি তাদের রাজনৈতিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করলো।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com