শুক্রবার, ২৬ Jun ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
জাতীয় সংসদ নির্বাচন ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের মার্চের মধ্যে অনুষ্ঠিত হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ প্রসঙ্গেও কথা বলেছেন তিনি।
বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে অধ্যাপক ইউনূস বলেন, “অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার দ্রুত সম্পন্ন করা সম্ভব হলে এ বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আয়োজন করা যাবে। তবে সংস্কার কার্যক্রম দীর্ঘায়িত হলে নির্বাচন কিছু মাস পিছিয়ে যেতে পারে।”
আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, “তাদের (আওয়ামী লীগ) নিজস্ব সিদ্ধান্ত নিতে হবে যে তারা নির্বাচন করতে চায় কি না। আমি তাদের পক্ষ থেকে সিদ্ধান্ত নিতে পারি না।”
তিনি আরও বলেন, “নির্বাচন কমিশনই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কারা নির্বাচনে অংশ নিতে পারবে।”
অন্তর্বর্তী সরকারের ক্ষমতা গ্রহণের সাত মাস পেরিয়ে গেলেও আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখনো স্বাভাবিক না হওয়া প্রসঙ্গে তিনি বলেন, “ভালো থাকা একটি আপেক্ষিক বিষয়। যদি গত বছরের একই সময়ের সঙ্গে তুলনা করা হয়, তবে পরিস্থিতি তুলনামূলক ভালো বলেই মনে হয়।”
তিনি আরও বলেন, “বর্তমানে যা ঘটছে, তা অন্য সময়ের তুলনায় ভিন্ন কিছু নয়।”
বাংলাদেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির জন্য ক্ষমতাচ্যুত সরকারকে দায়ী করে অধ্যাপক ইউনূস বলেন, “আমি চাই না এসব ঘটনা ঘটুক। আমাদের বিবেচনায় রাখতে হবে, আমরা কোনো আদর্শ দেশ বা শহর হঠাৎ তৈরি করিনি। এটি একটি দেশের ধারাবাহিকতা, যা আমরা উত্তরাধিকারসূত্রে পেয়েছি এবং বহু বছর ধরে চলছে।”