শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের (পিবিসি) ২০২৬ মেয়াদের জন্য সহসভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত পিবিসি ব্যুরো নির্বাচনে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
শুক্রবার (৩০ জানুয়ারি) জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন জানায়, কমিশনের ২০তম অধিবেশনের প্রথম সভায় সর্বসম্মতিক্রমে মরক্কোকে চেয়ারম্যান এবং বাংলাদেশসহ জার্মানি, ব্রাজিল ও ক্রোয়েশিয়াকে সহসভাপতি নির্বাচিত করা হয়। নির্বাচনের পরপরই এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ এই গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করে।
শান্তি বিনির্মাণ কমিশন (PBC) ৩১টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত একটি আন্তঃসরকারি উপদেষ্টা সংস্থা, যা মূলত সংঘাত-আক্রান্ত দেশগুলোতে শান্তি বজায় রাখতে কাজ করে। ২০০৫ সালে প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশ এই কমিশনের সক্রিয় সদস্য। এর আগে ২০১২ ও ২০২২ সালে সভাপতি এবং ২০১৩ ও ২০২৩ সালে সহসভাপতি হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছে লাল-সবুজের দেশ।
নতুন দায়িত্ব গ্রহণকালে বাংলাদেশ প্রতিনিধিদল বিশ্বশান্তি রক্ষায় তাদের দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে এবং সদস্য রাষ্ট্রগুলোর আস্থার জন্য ধন্যবাদ জানায়। এই অর্জন বিশ্বমঞ্চে বাংলাদেশের শান্তি ও নিরাপত্তা বিষয়ক কূটনীতির আরও এক বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।