মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
আসন্ন পবিত্র রমজান উপলক্ষে সাধারণ মানুষের স্বস্তিতে সুলভ মূল্যে পণ্য বিক্রয় শুরু করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) থেকে সারাদেশে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে এই বিশেষ কার্যক্রম শুরু হচ্ছে। সরকারি নির্দেশনায় নিম্নআয়ের মানুষের সহায়তায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।
কার্যক্রমের সময়সূচী ও এলাকা ১৭ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ পর্যন্ত মোট ২০ দিন (শুক্রবার ও সরকারি ছুটি ব্যতীত) এই বিক্রয় কার্যক্রম চলবে। সারাদেশে মোট ৪৫০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করা হবে। এর মধ্যে ঢাকা মহানগরীতে ৫০টি, চট্টগ্রামে ২০টি, অন্যান্য বিভাগীয় শহরে ১৫টি এবং জেলা শহরগুলোতে ৫টি করে ট্রাক থাকবে।
পণ্যের তালিকা ও দাম একজন সাধারণ ভোক্তা ট্রাক থেকে নির্ধারিত মূল্যে নিচের পণ্যগুলো কিনতে পারবেন
ভোজ্যতেল: প্রতি লিটার ১১৫ টাকা (সর্বোচ্চ ২ লিটার)
চিনি: প্রতি কেজি ৮০ টাকা (সর্বোচ্চ ১ কেজি)
মসুর ডাল: প্রতি কেজি ৭০ টাকা (সর্বোচ্চ ২ কেজি)
ছোলা: প্রতি কেজি ৬০ টাকা (সর্বোচ্চ ১ কেজি)
খেজুর: আধা কেজি ১৬০ টাকা
ফ্যামিলি কার্ডধারীদের সুবিধা স্মার্ট ফ্যামিলি কার্ডধারী প্রায় ৬৬ লাখ পরিবারের জন্য নিয়মিত ভর্তুকি মূল্যের পণ্য বিতরণ কার্যক্রমও অব্যাহত থাকবে। রমজান উপলক্ষে কার্ডধারীরা নিয়মিত পণ্যের পাশাপাশি অতিরিক্ত হিসেবে ছোলা ও খেজুর নির্ধারিত মূল্যে ক্রয় করতে পারবেন। এই বিশাল কর্মযজ্ঞের মাধ্যমে প্রায় ৩৫ লাখ সাধারণ ভোক্তা সরাসরি উপকৃত হবেন বলে জানিয়েছে টিসিবি।