মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত নতুন সরকারের মন্ত্রিসভায় বড় চমক হিসেবে জায়গা করে নিয়েছেন ৩৩ জন নতুন সদস্য। তাদের মধ্যে ১০ জন সংসদ সদস্য (এমপি) হিসেবে প্রথমবার নির্বাচিত হয়েই সরাসরি পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। বাকি ২২ জন দায়িত্ব পেয়েছেন প্রতিমন্ত্রী হিসেবে।
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো মন্ত্রিসভায় এসেছেন তারেক রহমান। সরকার প্রধানের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বও নিজের কাছে রেখেছেন।
এমপি হয়েই সরাসরি মন্ত্রী হলেন যারা:
এবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরপরই পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ডা. এ জেড এম জাহিদ হোসেন (দিনাজপুর-৬), আব্দুল আউয়াল মিন্টু (ফেনী-৩), খন্দকার আব্দুল মোকতাদির (সিলেট-১), আরিফুল হক চৌধুরী (সিলেট-৪), আফরোজা খানম রিতা (মানিকগঞ্জ-৩), মো. আসাদুজ্জামান (ঝিনাইদহ-১), দীপেন দেওয়ান (রাঙ্গামাটি), ফকির মাহবুব আনাম স্বপন ও শেখ রবিউল আলম।
প্রথমবারের মতো প্রতিমন্ত্রী হলেন যারা:
নতুন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন একঝাঁক তরুণ ও অভিজ্ঞ মুখ। তাদের মধ্যে রয়েছেন জোনায়েদ সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন পুতুল, শেখ ফরিদুল ইসলাম, নুরুল হক নুর, ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসেইন, শামা ওবায়েদ ইসলাম, কায়সার কামাল, এম রশিদুজ্জামান মিল্লাত ও অনিন্দ্য ইসলাম অমিত।
তালিকায় আরও আছেন শরিফুল আলম, সুলতান সালাউদ্দিন টুকু, ফরহাদ হোসেন আজাদ, ডা. এম এ মুহিত, আহমদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ, মীর মুহাম্মদ হেলাল উদ্দীন, হাবিবুর রশিদ হাবিব, রাজিব আহসান, মুহাম্মদ আব্দুল বারী ও মীর শাহে আলম।