মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
ঢাকা: বিএনপি যদি সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ না করে, তবে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের কোনো সংসদ সদস্যই শপথ নেবেন না। আজ জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এই সিদ্ধান্তের কথা জানান।
জামায়াত নেতা বলেন, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী দুপুর ১২টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের কথা ছিল। তবে রাজনৈতিক সংহতি রক্ষায় বিএনপি অংশ না নিলে জামায়াতও শপথ নেবে না। তাদের মতে, প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন না করে সংসদ কার্যকর করা অর্থহীন।
অন্যদিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, সংবিধান সংস্কার পরিষদের বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত তারা শপথের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছেন না। বিষয়টি এখনো সাংবিধানিকভাবে প্রক্রিয়াধীন থাকায় জাতীয় সংসদের আসন্ন অধিবেশনেই এ ব্যাপারে চূড়ান্ত ফয়সালা হবে বলে আশা করা হচ্ছে। এই অচলাবস্থার কারণে শপথ গ্রহণ প্রক্রিয়া আপাতত স্থগিত রয়েছে।