শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো জোটে না গিয়ে এককভাবে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলীয় নেতাদের মতে, এই সিদ্ধান্ত তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করবে, যদিও এতে ভোট বিভাজনের কিছুটা ঝুঁকি রয়েছে।
দলের মুখ্য সংগঠক সারজিস আলম জানান, আত্মপ্রকাশের এক বছর পর জাতীয় নির্বাচনে ছয়টি আসন পাওয়ার পর এখন সাংগঠনিক ভিত্তি মজবুত করাই তাদের মূল লক্ষ্য। এজন্য দেশের বিভিন্ন এলাকায় নতুন কমিটি গঠন এবং পুরোনো কমিটিগুলোর মূল্যায়ন ও সংস্কার কাজ চলছে। এককভাবে লড়লে ওয়ার্ড পর্যায় পর্যন্ত রাজনৈতিক তৎপরতা বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এদিকে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে এনসিপি এককভাবে অংশ নেওয়ার সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে। তবে নির্বাচনের সময় ও পদ্ধতি এখনো স্পষ্ট না হওয়ায় জোট গঠনের বিষয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। দল সম্প্রসারণের ক্ষেত্রে সতর্ক অবস্থানের কথা উল্লেখ করে তিনি বলেন, দলের ভাবমূর্তি ও আদর্শ ধরে রাখতে অনেক প্রভাবশালী নেতা যোগাযোগ করলেও সবাইকে দলে নেওয়া হচ্ছে না। বিতর্কিত বা নেতিবাচক প্রভাব ফেলতে পারে—এমন কাউকে দলে অন্তর্ভুক্ত করা হবে না বলেও তিনি সাফ জানিয়ে দেন।