মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
চট্টগ্রাম: গণভোটের রায় অনুযায়ী পুলিশ, দুদক ও বিচার বিভাগে সংস্কার না হলে জনগণের ওপর নির্যাতন-নিপীড়ন বন্ধ হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শনিবার (১৩ জুন, ২০২৬) বিকালে চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে ১১ দলীয় জোটের বিভাগীয় মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে ডিবি পুলিশ কর্তৃক তুলে নিয়ে নির্যাতন ও হেনস্তার অভিযোগের তীব্র নিন্দা জানিয়ে নাহিদ ইসলাম বলেন, “এই ঘটনা প্রমাণ করে পুলিশি ব্যবস্থায় এখনো কাঙ্ক্ষিত সংস্কার হয়নি।” সরকার আবার স্বৈরতান্ত্রিক আচরণের পথে হাঁটলে জনগণ নতুন গণ-আন্দোলন শুরু করবে বলেও তিনি সতর্ক করেন। এ সময় তিনি প্রস্তাবিত জাতীয় বাজেটের সমালোচনা করে বলেন, এতে দুর্নীতি ও ঋণখেলাপিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই, বরং ব্যাংক দখলের সংস্কৃতি ফিরে আসছে। সীমান্ত হত্যা প্রসঙ্গে তিনি স্পষ্ট জানান, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কোনো আপস হবে না।
সমাবেশের সভাপতি লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করে সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান। সমাবেশে জামায়াতে ইসলামী ও এবি পার্টিসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা বক্তব্য দেন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ দ্রুত রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়নের দাবি জানান।