সোমবার, ১৫ Jun ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে সরকার। সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে তাকে প্রত্যর্পণের জন্য স্বরাষ্ট্র, পররাষ্ট্র মন্ত্রণালয়, দুদক ও পুলিশ যৌথভাবে কাজ করছে।
সরকারি সূত্র মতে, প্রথমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইউএই কর্তৃপক্ষের কাছে প্রত্যর্পণ প্রস্তাব পাঠানো হবে। এ জন্য প্রয়োজনীয় মামলার নথি ও গ্রেপ্তারি পরোয়ানা প্রস্তুত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুবাইয়ের আইন অনুযায়ী, গ্রেপ্তারের ৩০ কার্যদিবসের মধ্যে এই আবেদন জমা দিতে হবে।
এর আগে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দুর্নীতিসহ একাধিক মামলার আসামি বেনজীরকে দ্রুত দেশে ফেরাতে সব ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। দুদক জানায়, ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেপ্তারের পর দেশে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
উল্লেখ্য, বেনজীর আহমেদ ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ডিএমপি কমিশনার ও র্যাবের মহাপরিচালক ছিলেন। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালে মার্কিন নিষেধাজ্ঞার তালিকায়ও তার নাম অন্তর্ভুক্ত হয়।