সোমবার, ১৫ Jun ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
গ্রাহকদের ব্যাপক নগদ টাকা উত্তোলনের চাপ সামাল দিতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-কে ২ হাজার ৫০০ কোটি টাকার তারল্য সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ১০ হাজার কোটি টাকার সহায়তার আবেদনের বিপরীতে প্রাথমিকভাবে এই অর্থ দেওয়া হয়েছে। আজ সোমবার (১৫ জুন) ইসলামী ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে। এর আগে কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকটির পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে এর সামগ্রিক পরিচালনার দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জহির হোসেনের হাতে ন্যস্ত করে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ১ জুন থেকে ৯ জুন পর্যন্ত মাত্র ৯ দিনে ইসলামী ব্যাংক থেকে প্রায় ৬ হাজার কোটি টাকা তুলে নেন আমানতকারীরা। এর ফলে কিছু শাখা ও এটিএম বুথে নগদ সংকট দেখা দেয় এবং তারল্য ব্যবস্থাপনায় তীব্র চাপ তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে গভর্নর মোস্তাকুর রহমান ইসলামী ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতে ব্যাংকটিকে আরও সহায়তা দেওয়া হতে পারে।