মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন

মনিরুল হক চৌধুরীর বক্তব্যে সংসদ উত্তপ্ত

মনিরুল হক চৌধুরীর বক্তব্যে সংসদ উত্তপ্ত

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

জাতীয় সংসদে বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে সরকারদলীয় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর দেওয়া ব্যক্তিগত ও কুরুচিপূর্ণ বক্তব্যকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে সংসদ । নারী সংসদ সদস্যদের পোশাক ও পর্দা নিয়ে তার করা আপত্তিকর মন্তব্যের জেরে সরকারি ও বিরোধী উভয় পক্ষের তীব্র প্রতিবাদে সংসদে চরম হট্টগোল সৃষ্টি হয়। রোববার (১৪ জুন) বিকেলে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে বাজেট অধিবেশনে এই ঘটনা ঘটে।

বক্তব্যের শুরুতে মনিরুল হক চৌধুরী প্রস্তাবিত বাজেটকে ‘ঐতিহাসিক ও গণমুখী’ আখ্যা দিয়ে প্রশংসা করেন এবং জিডিপি প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রার সমর্থন জানান। তবে ২০০৪ সালের একটি পারিবারিক অনুষ্ঠানের প্রসঙ্গ টেনে তিনি নারী সংসদ সদস্যদের ইঙ্গিত করে অত্যন্ত ব্যক্তিগত মন্তব্য করেন । তার এই বক্তব্য শেষ হওয়ার সাথে সাথেই সংসদ সদস্যরা আসন ছেড়ে দাঁড়িয়ে চিৎকার ও তীব্র প্রতিবাদ শুরু করলে পরিস্থিতি স্পিকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ক্ষুব্ধ হয়ে মনিরুল হক চৌধুরীকে কঠোরভাবে সতর্ক করেন । তিনি বলেন, “আমরা যদি নিজেদের শালীনতা ও মর্যাদা ধরে রাখতে না পারি, তবে মানুষের কাছে লজ্জিত হতে হবে। এই সংসদ কারও ব্যক্তিগত স্বাধীনতা নিয়ে কথা বলার চারণক্ষেত্র নয়।” তীব্র সমালোচনার মুখে মনিরুল হক চৌধুরী সংসদে দুঃখ প্রকাশ করতে বাধ্য হন এবং আপত্তিকর বক্তব্য এক্সপাঞ্জ (সংসদীয় রেকর্ড থেকে বাদ) করার অনুরোধ জানান। তবে পরবর্তীতে জামায়াতে ইসলামী ও গোলাম আযমের প্রসঙ্গ টেনে তিনি আবার চ্যালেঞ্জ ছুড়ে দিলে সংসদে পুনরায় বাদানুবাদ শুরু হয়।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com