মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
ঢাকা: ‘সিজন ও চেয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সরকারের মানসিকতা বদলে গেছে’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। সোমবার (৬ এপ্রিল) সকালে রাজধানীর কারওয়ান বাজারে ‘ভয়েস ফর রিফর্ম’ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, “২৪-এর আন্দোলনে যারা রাস্তায় নেমেছিল, তারা কাউকে এমপি বা উপদেষ্টা বানানোর জন্য আসেনি; এসেছিল রাষ্ট্র কাঠামো পরিবর্তনের জন্য।” তিনি সতর্ক করে বলেন, সরকার যদি কাঠামোগত সংস্কার থেকে সরে আসে, তবে চব্বিশের মতো গণঅভ্যুত্থান আবারও ঘটবে। সংখ্যাগরিষ্ঠতা দিয়ে তা ঠেকানোর সুযোগ নেই এবং ভেতর থেকে হয়তো সেই প্রস্তুতিই চলছে।
সংবিধান সংস্কার ইস্যুতে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, একসময়ের ভুক্তভোগী বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীসহ অনেকেই এখন সংস্কারের বিরোধিতা করছেন, যা অত্যন্ত অসম্মানজনক। নির্বাচনের ফলাফল নিয়ে হতাশা ব্যক্ত করে তিনি আরও বলেন, দিনশেষে আমরা কেবল সুবিধাভোগীই হয়েছি, সাধারণ মানুষের কোনো লাভ হয়নি। জনগণ যেন আর আশাহত না হয়, রাষ্ট্র যেন তাদের জন্য কিছু করে—সেটাই এখন বড় প্রত্যাশা।