মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
তেহরান: মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তজনা ও সংঘাতের মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালি’ খুলে দেওয়ার বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে ইরান। দেশটি সাফ জানিয়ে দিয়েছে, কোনো ‘অস্থায়ী যুদ্ধবিরতি’র বিনিময়ে এই গুরুত্বপূর্ণ জলপথের নিয়ন্ত্রণ শিথিল করা হবে না।
বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ওয়াশিংটন স্থায়ী যুদ্ধবিরতির বিষয়ে আন্তরিক নয়—এমন ধারণা থেকেই তেহরান এই সিদ্ধান্ত নিয়েছে। তিনি স্পষ্ট করেন যে, কোনো প্রকার চাপ প্রয়োগ করে বা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে ইরানকে সিদ্ধান্ত নিতে বাধ্য করা যাবে না।
বিশ্বের মোট তেল ও গ্যাস সরবরাহের অন্যতম প্রধান রুট এই হরমুজ প্রণালি। বর্তমানে পাকিস্তান একটি ‘তাত্ক্ষণিক যুদ্ধবিরতি’র প্রস্তাব দিলেও ইরান তা নিজেদের কৌশলগত সুবিধা বিবেচনা করে পর্যালোচনা করছে। বিশ্লেষকদের মতে, সাময়িক সমঝোতার বদলে ইরান এখন ‘স্থায়ী ও বাস্তবসম্মত’ সমাধানের দিকেই বেশি আগ্রহী। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই জলপথ বন্ধ বা সীমিত হওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।