মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
ঢাকা: দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পাহাড় জমেছে ৫ লাখ ৪৪ হাজার ৮৩১ কোটি টাকায়। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে সোমবার (৬ এপ্রিল) জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য মো. আবুল হাসনাতের এক লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী দেশের শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকাও প্রকাশ করেন। এই তালিকায় রয়েছে এস আলম গ্রুপের একাধিক প্রতিষ্ঠান (সুপার এডিবল অয়েল, ভেজিটেবল অয়েল, রিফাইন্ড সুগার, কোল্ড রোলেড স্টিলস), বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো), কেয়া কসমেটিকস, দেশবন্ধু সুগার মিলস এবং প্যাসিফিক বাংলাদেশ টেলিকমসহ আরও বেশ কিছু নামিদামি প্রতিষ্ঠান।
খেলাপি ঋণ আদায়ে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ইচ্ছাকৃত ঋণখেলাপিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার পাশাপাশি তাদের তালিকা প্রকাশের উদ্যোগ নেওয়া হচ্ছে। বাংলাদেশ ব্যাংক ও সরকার সমন্বিতভাবে এই বিশাল অংকের খেলাপি ঋণ আদায়ে কাজ করছে বলে তিনি সংসদকে আশ্বস্ত করেন।