মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
তেহরান: মধ্যস্থতাকারীদের মাধ্যমে আসা যুদ্ধবিরতি প্রস্তাবের বিপরীতে নিজেদের চূড়ান্ত অবস্থান ও শর্তের তালিকা স্পষ্ট করেছে ইরান। সোমবার (৬ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ তথ্য নিশ্চিত করেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, কোনো ধরনের আলটিমেটাম বা হুমকির মুখে সমঝোতা আলোচনা চালিয়ে যাওয়া সম্ভব নয়।
বাঘাই জানান, তেহরান তাদের জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে নির্দিষ্ট কিছু শর্ত তৈরি করেছে, যা ইতোমধ্যে সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছে পাঠানো হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রের দেওয়া ১৫ দফার পরিকল্পনাটি অতিরিক্ত ও অযৌক্তিক আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে ইরান। তিনি আরও বলেন, ইরানের এই স্পষ্ট অবস্থানকে কোনোভাবেই দুর্বলতা ভাবার সুযোগ নেই; বরং এটি নিজেদের অবস্থানের ওপর আস্থার প্রতিফলন। যথাযথ সময়ে এই প্রস্তাবনার বিস্তারিত প্রকাশ করা হবে বলেও তিনি জানান।
শহীদ বেহেস্তি বিশ্ববিদ্যালয়ের গবেষণা ভবনে সাম্প্রতিক হামলার ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টার মধ্যেই ইরান এই কূটনৈতিক অবস্থানের কথা জানালো। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে এই যুদ্ধবিরতি প্রচেষ্টা এখন কোন দিকে মোড় নেয়, তা নিয়ে বিশ্বজুড়ে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল।