বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে ইসরায়েলি হামলার জবাবে পাল্টা রকেট হামলা চালিয়েছে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বুধবার (১৫ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৮টা থেকে উত্তর ইসরায়েলের মেতুলা, কাফার গিলাদি এবং কিরিয়াত শমোনা বসতি লক্ষ্য করে এসব হামলা চালানো হয়।
ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল ১২-এর তথ্যমতে, লেবানন থেকে উত্তর গ্যালিলি অঞ্চলে অন্তত ২০টি রকেট ছোড়া হয়েছে। এর মধ্যে বেশ কিছু রকেট আকাশেই প্রতিহত করা হলেও বাকিগুলো জনমানবহীন জায়গায় পড়েছে। হামলার সময় কিরিয়াত শমোনা ও মানারা এলাকায় বিপদ সংকেত হিসেবে সাইরেন বেজে ওঠে।
এদিকে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১৪ দিনের যুদ্ধবিরতি চললেও ইসরায়েল দাবি করেছে—লেবানন বা হিজবুল্লাহ এই চুক্তির অন্তর্ভুক্ত নয়। ফলে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর স্থল ও বিমান অভিযান অব্যাহত রয়েছে। লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, চলমান এই সহিংসতায় দেশটিতে এখন পর্যন্ত অন্তত ২ হাজার ৮৯ জন নিহত এবং ৬ হাজার ৭৬২ জন আহত হয়েছেন। মূলত এসব হামলার প্রতিবাদেই ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও রকেট ছুড়ছে হিজবুল্লাহ।